হাদিকে নিয়ে ফেসবুক পোস্ট তাসরিফ-চমকের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাদির ওপর হামলার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সেই তালিকায় আছেন সংগীতশিল্পী তাসরিফ খান।
জনপ্রিয় এই শিল্পী বিপন্ন মানুষের পাশে দাঁড়ান সবসময়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে বেড়ান ত্রাণসামগ্রী নিয়ে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার সেসব কার্যক্রম চোখে পড়ে। পাশাপাশি রাজনীতি সচেতনও তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়ও বসে নেই গায়ক। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজের মত। ফেসবুকে এক বাক্যে তিনি লিখেছেন, ‘গুলি করে ইনসাফ হত্যা করা যায় না।’
তাসরিফ ছাড়াও অনেকে প্রতিবাদে সরব হাদিকে গুলি করার ঘটনায়। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে,তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।’
এর আগে, গত নভেম্বরে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি।
১৪ নভেম্বর এক ফেসবুকে পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।
ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।
